শিক্ষকের প্রতি শিক্ষার্থীর আচরণ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৫৬ এএম

বাবা-মায়ের পর সবচেয়ে মান্য ব্যক্তিটি হলেন শিক্ষক। শিক্ষাদানের মাধ্যমে তিনি আমাদের নতুনভাবে জীবন দেন। বাঁচতে শেখান। শিক্ষার্থীদের উচিত শিক্ষকের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ প্রকাশ পায় এমন আচরণই করা। এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে শিক্ষক কষ্ট পান, অসন্তুষ্ট হন। নিচে বর্ণিত শিক্ষকের প্রতি পালনীয় শিষ্টাচারগুলো মেনে চলবে।

১. শিক্ষকের আচরণ বা মুদ্রাদোষ অভিনয় করে দেখানো, নকল করা, ভেংচানো বা শিক্ষককে বিদ্রুপাত্মক নাম ধরে ডাকবে না। ঠাট্টার ছলে বা মজা করেও শিক্ষককে অসম্মান দেখানো হয় এমন যেকোনো আচরণ করা থেকে বিরত থাকো।

২. শিক্ষক ক্লাসে প্রবেশ করলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করো। শিক্ষক ক্লাসে অবস্থান করা অবস্থায় তার অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করো।

৩. ক্লাসে শিক্ষক কোনো প্রশ্ন করলে উঠে দাঁড়িয়ে উত্তর দাও। পরীক্ষার হলে প্রশ্ন বা উত্তরপত্র নেওয়ার সময় উঠে দাঁড়াও। ক্লাসে শিক্ষক পড়ানোর সময় হেলান দিয়ে বসবে না বা পা নাচাবে না। এ ধরনের আচরণ শিক্ষকের প্রতি শিষ্টাচার পরিপন্থী।

৪. এক শিক্ষকের ব্যাপারে অন্য শিক্ষকের কাছে অভিযোগ বা সমালোচনা করবে না। শিক্ষকের পড়া বুঝতে না পারলে বিনয়ের সঙ্গে কী বোঝোনি তা শিক্ষককে জানাও। অন্য শিক্ষকের সহায়তা নিতে হলেও আগের শিক্ষকের বিরুদ্ধে নেতিবাচক কথা না বলে তোমার আলোচনা বিষয়বস্তুতে সীমাবদ্ধ রাখো।

৫. শিক্ষকের আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষোভ পুষে রাখবে না। আড়ালে বিষোদগার করা বা পরে শিক্ষককে নাজেহাল করার পরিকল্পনা থেকে বিরত থাকো।

৬. শিক্ষক আন্তরিক হলেই তাকে ‘ইয়ার দোস্ত’ মনে করবে না। তার সঙ্গে হালকা রসিকতা বা গায়ে হাত দিয়ে কথা বলা, হাত ধরে টানাটানি করা ইত্যাদি থেকে বিরত থাকো।

৭. ক্লাসে শিক্ষক যখন পড়ান তখন তাকে পড়ানোয় সাহায্য করো। ক্লাসের সহপাঠীদের সঙ্গে মিলে বাজে শব্দ করা, কাগজ ছোড়াছুড়ি করা, শিস দেওয়া ইত্যাদি আচরণ করে ক্লাসের পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকো। ক্লাসে উপস্থিত হয়েছ পড়াশোনা করার জন্য, এ কাজে ব্যাঘাত ঘটালে দিনশেষে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে।

৮. ক্লাসের বাইরে রাস্তায়, বাজারে, দোকানে বা অন্য যেকোনো স্থানে শিক্ষকের সঙ্গে দেখা হলে, মুখোমুখি পড়ে গেলে যথাযথ সম্মান প্রদর্শন করো। দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে না। এটা একদিকে যেমন শিষ্টাচারের পরিপন্থী, তেমনি দৃষ্টিকটু।

৯. শিক্ষকের সঙ্গে ‘খাতির জমানো’র জন্য উপহার, উপঢৌকন দেওয়া বা অন্য কোনো অনৈতিক পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকো। এটা তোমার জন্য হিতে বিপরীত পরিণাম বয়ে আনতে পারে।

১০. শিক্ষকের নজর এড়িয়ে থাকার জন্য মুখ লুকিয়ে থাকবে না। এর ফলে শিক্ষকের সঙ্গে দূরত্ব বাড়বে। ক্লাসে শিক্ষক পাঠদানকালে সক্রিয় অংশগ্রহণ করো। শিক্ষক প্রশ্ন করলে উত্তর দাও, শিক্ষকের কাছে কোনো প্রশ্ন থাকলে শ্রেণিকক্ষের শিষ্টাচার মেনে শিক্ষককে প্রশ্ন করো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত