ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ বিশেষ কার্যক্রম পরিচালনা করবে।
সিরডাপ মিলনায়তনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ‘উগ্রবাদ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার পুলিশ রুটিন ওয়ার্ক। পুলিশের সব ইউনিট অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সবসময়ই তৎপর থাকে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার দেখা দিলে তার জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।’
অন্য এক প্রশ্নের উত্তরে এ কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে উগ্রবাদীদের বিভিন্ন গ্রুপ যারা আছে, তারা সক্রিয় হয়ে উঠলে তাদের প্রতিহত করার মতো সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সিটিটিসির যুগ্ম কমিশনার মো. কামরুজ্জামান, ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইসমাইল হোসেন ইমু।
