বাংলাদেশকে হুমকি মনে করছেন না বাটলার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম

বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আছে দারুণ সুখস্মৃতি। ২০১১ ও ২০১৫ সালে শ্বাসরুদ্ধকর দুটি জয় পেয়েছিল তারা। সেই দুটি জয় এখনও দেশের ক্রিকেটের অনুপ্রেরণা। যদিও গত বিশ্বকাপে তাদেরকে হারাতে পারেনি টাইগাররা। তবে রাত পোহালে ধর্মশালায় যখন আরও একটা বাংলা-ইংলিশ লড়াই, তখন উঠে আসে সেই সব প্রসঙ্গ। সাকিব আল হাসানরা কি মঈন আলিদের জন্য হুমকি!

তবে ইংলিশ অধিনায়ক জস বাটলার বাংলাদেশকে হুমকি মনে করেন না। আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি এই কথা বলেছেন।

২০১৯ আসরে ইংল্যান্ড বাংলাদেশকে হারালেও আগের দুই আসরে জয়ী দলের নাম ছিল বাংলাদেশ। বিশ্বকাপ বিবেচনায় আগামীকাল বাংলাদেশ ইংল্যান্ডের জন্য হুমকি হতে পারে কি না প্রশ্নে বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

এবারের আসরে ইংল্যান্ডের শুরুটা হয়েছে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের হার দিয়ে। বিপরীতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে ৬ উইকেটের জয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত