নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান এবং কুষ্টিয়া-২ আসনে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। দুটি ধারায় কারাদন্ডসহ তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, দুই ধারার সাজা একসঙ্গে চলবে। সে ক্ষেত্রে দন্ডপ্রাপ্তদের দুই বছর কারাভোগ করতে হবে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ রায় দেন। বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীমসহ সাজাপ্রাপ্ত অপর নেতারা হলেন তৌহিদুল ইসলাম তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন ও মোজাম্মেল হক। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছে আদালত। আসামিদের মধ্যে আমিনুল ইসলাম ও আব্দুর রাজ্জাক আদালতে হাজির ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে সাজাপ্রাপ্ত অপর ১৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ৪ জানুয়ারি বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি সরণিতে বিএনপি-জামায়াত জোটের ইন্ধন ও অংশগ্রহণে পুলিশের কর্তব্যকাজে বাধা এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে ওই বছরের ১২ মে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
