বৃষ্টির পানি সরানো নিয়ে ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:০০ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাড়ি থেকে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে সংঘর্ষে বড় ভাইয়ের দায়ের কোপে দুলাল উদ্দিনের (৫২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুলালের স্ত্রী হাবেজা বেগম (৪০) আহত হন। এ ঘটনায় বড় ভাই আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বাড়ি থেকে বৃষ্টির পানি সরানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আব্দুর রশিদ দা নিয়ে ছোট ভাই দুলাল ও তার স্ত্রীর ওপর হামলা করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যায়। নিহত দুলাল উদ্দিনের স্ত্রী হাবেজা বেগম চিকিৎসাধীন রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দুই ভাইয়ের দ্বন্দ্বে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত