প্রায় সাড়ে তিনশ রানের লক্ষ্য। বিশ্বকাপে এত রান তাড়া করার নজির ছিল না একটিও। সেটিই করে দেখিয়েছে পাকিস্তান। নতুন করে গড়েছে বৈশ্বিক আসরে রান তাড়ার রেকর্ড। চমৎকার এক সেঞ্চুরিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার কারিগরদের একজন মোহাম্মদ রিজওয়ান বলেছেন, এবার ভারতের অপেক্ষায় আছেন তারা।
হায়দ্রাবাদে মঙ্গলবার পাকিস্তানের বোলারদের গুঁড়িয়ে ৩৪৪ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। দলটির হয়ে সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। জিততে হলে রেকর্ড গড়তে হতো বাবর আজমদের। কারণ, বিশ্বকাপে ৩২৮ রান তাড়া করা ছিল সর্বোচ্চ। ২০১১ সালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ডটি গড়েছিল আয়ারল্যান্ড।
পাহাড় টপকানোর চ্যালেঞ্জে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলে ইমাম উল হক ও বাবরকে। চাপে পড়া দলকে কক্ষপথে ফেরান আবদুল্লাহ শফিক ও রিজওয়ান। দুইজনের গড়েন ১৭৬ রানের জুটি। ৩ ছক্কা ও ১০ চারে ১১৩ রান করে ওপেনার শফিক বিদায় নিলেও দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। ৩ ছক্কা ও ৮ চারে ১৩১ রান করেন এই কিপার-ব্যাটসম্যান।
ব্যাটিংয়ের শুরু থেকেই পায়ের সমস্যায় ভুগছিলেন রিজওয়ান। ৩৭তম ওভারে একটি ছক্কা মারার পরপরই ঊরুতে হাত দিয়ে পড়ে যান তিনি। চোখেমুখে প্রচণ্ড ব্যথার ছাপ ছিল স্পষ্ট। ছুটে আসেন ফিজিও। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। এরপর কয়েকবার ক্র্যাম্প হলেও হাল ছাড়েননি তিনি। সব বাধা পেরিয়ে তিনিই পাকিস্তানকে এনে দেন রেকর্ড গড়া জয়।
এমন জয়ের পর আত্মবিশ্বাসে টইটুম্বুর দল, ম্যাচের পর বললেন রিজওয়ান। জানালেন স্বাগতিক ভারতের বিপক্ষেও একই পরিকল্পনায় মাঠে নামার কথা, ‘আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং ভারতের বিপক্ষেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামব আমরা। এই রান তাড়া করার বিশ্বাস ছিল আমাদের।’
ওয়ানডে বিশ্বকাপে ৭ বার দেখা হলেও ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একবারও জেতেনি পাকিস্তান। আগামী ১৪ অক্টোবর সেই অপেক্ষার অবসান ঘটাতে আহমেদাবাদে চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে তারা।
