রোনালদিনহো আসছেন ১৮ অক্টোবর

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম

ব্রাজিলের ফুটবল তারকা, বিশ্বকাপজয়ী এবং বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জেতানো সৃষ্টিশীল মাঝমাঠের জাদুকর রোনালদিনহো আসছেন বাংলাদেশে। এ খবর জানা হয়ে গিয়েছে বাংলার কোটি ফুটবলপ্রেমীদের। এবার ঠিক হলো সেই দিনক্ষণ। ১৮ অক্টোবর ঢাকায় দেখা যাবে রোনালদিনহোকে।

ব্রুভানা গ্রুপের আমন্ত্রণে তিনি আসছেন বাংলাদেশে, এমনটাই জানিয়েছে সংস্থাটি। কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ব্যবস্থাপনায় নেপথ্যে যে মানুষটি ছিলেন সেই শতদ্রু দত্তের আমন্ত্রণে দূর্গাপূজায় কলকাতা আসছেন রোনালদিনহো, তার আগে ব্রাজিলিয়ান তারকাকে ঢাকা ঘুরিয়ে কলকাতায় নিয়ে যাবেন তিনি।

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘আমার সোনার বাংলা...আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেইজে তিনি আরো জানান, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনিও ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনিও। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে পারলে আমরা তাঁর সঙ্গেও দেখা করব। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনিও ঢাকা ছাড়বেন।’

ব্রুভানা গ্রুপ স্পোর্টস পানীয় প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। তাদের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, 'আমাদের এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে রোনালদিনহোকে আমরা বাংলাদেশে আনছি।’

ব্রাজিলিয়ান এই তারকার অগণিত ভক্ত রয়েছে বাংলাদেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত