দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকার বাইরে মারা গেছে সাতজন ও ঢাকায় ছয়জন। এতে চলতি মাসের গত ১২ দিনে মৃত্যু দাঁড়াল ১৪৬ জনে।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ১৩৫ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৭০৯ ও ঢাকার বাইরে ৪২৬ জন। মোট মৃত্যুর ১৩ শতাংশই ঘটেছে এ মাসের গত ১২ দিনে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৯৬ জন মারা গেছে গত মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গত জুন থেকেই রোগীর পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। জুনে রোগী ছিল ৫ হাজার ৯৫৬ ও মারা যায় ৩৪ জন। পরের মাস জুলাইয়ে রোগী বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ ও মৃত্যু ২০৪ জনে। এরপর আগস্টে রোগী হয় ৭১ হাজার ৯৭৬ ও মারা যায় ৩৪২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩২৭ রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৬ এবং ঢাকায় ৪৯১ জন। বাংলাদেশে এ বছর যত রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৯০ হাজার ৫৩০ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৩ হাজার ১ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬১৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৬৩৮ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৭৯ জন।
