আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত রবিবার বিবৃতি দেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে ‘মদমুক্ত পূজা’ করার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই বিবৃতির প্রত্যুত্তরে এমপি বাহার বলেছেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বক্তব্য প্রত্যাহার করতে বলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জবাব দেন। এমপি বাহার বলেন, শান্তিপূর্ণ কুমিল্লাকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত কিছু স্বার্থান্বেষী মহল শারদীয় দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, দুর্গাপূজায় সনাতন ধর্মের লোকজনের সঙ্গে সব ধর্মের মানুষ অংশ নেয়, সেখানে কিছু লোকজন মাদক গ্রহণ করে পূজার পবিত্রতা নষ্ট করে, তিনি পূজা চলাকালীন সময়ে কোনো ধরনে মাদক গ্রহণ না করতে সবাইকে আহ্বান জানান।
