‘মানুষ’ সত্যি খুব ভালো হয়েছে : সঞ্জয় সমদ্দার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম

ছোটপর্দায় দারুণ কিছু কাজ করে নিজের জাত চিনিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। সেই নির্মাতা এবার বড়পর্দার জন্য প্রথম কাজ করছেন। তাও আবার কলকাতার ছবিতে। শুধু তাই নয়, ‘মানুষ’ নামের এই সিনেমায় নায়ক ও প্রযোজক কলকাতার সুপারস্টার জিৎ। এসব কথা অনেকেই জানেন। তবে নতুন খবর হলো, ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরই মধ্যে ছবি মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। সঞ্জয় বলেন, ‘নিজের ছবি বলে বলছি না। ছবিটি সত্যি খুব ভালো হয়েছে। সেটি দর্শক দেখার পর বুঝতে পারবেন।’ নতুন নির্মাতা হিসেবে কলকাতায় কাজ করতে গিয়েছেন। ছবি মুক্তির আগে কতটা চাপ অনুভব করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার ছবির ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। তাই আলাদা কোনো চাপ নেই। তবে যে কোনো কাজ দর্শক কীভাবে গ্রহণ করবে সেটি জানার ব্যাপারে এক ধরনের আগ্রহ ও প্রত্যাশা তো থাকেই। তবে আমি নতুন পরিচালক বলে কোনো ধরনের বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তারা অত্যন্ত সম্মান করেছেন আমাকে। ঘুণাক্ষরেও টের পাইনি আমি আলাদা একটি দেশ থেকে এসে কাজ করছি। একজন সুপারস্টারকে নিয়ে কাজ করেছি, কিন্তু আলাদা কোনো চাপ অনুভব হয়নি। জিৎ এতটাই পেশাদারত্বের সঙ্গে পুরোটা কাজ শেষ করেছেন।’

জিতের ‘মানুষ’-এ আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত