আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, দেশের এই উন্নয়ন দেখে এখন তাদের জ্বালা ধরেছে। বিএনপিসহ বিভিন্ন বৈধ দলকে আহ্বান জানাব, আপনারা অপ্রচার না চালিয়ে নির্বাচনে আসুন। গণতান্ত্রিক পন্থায়, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার মাদারীপুর প্রেস ক্লাবের তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনির চৌধুরী, প্রেস ক্লাবের সহসভাপতি ইয়াকুব খান শিশির, জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক অজয় কু-ু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা প্রমুখ।
