গত শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে। দিনে দিনে হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। এমনকি শনিবার গাজাতে নিখোঁজ ইসরায়েলিদের সন্ধানে ও মরদেহ উদ্ধারে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালালেও গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করাই এ অভিযানের লক্ষ্য।
আর তাই হামাসকে ধ্বংস করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এ হুমকি দেন তিনি। খবর এপি।
ভাষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা মাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শত্রুরা (হামাস) কেবল এর ( হামসের হামলার) মূল্য দিতে শুরু করেছে। আমি এখনই বলব না কী হবে, তবে আমি বলছি এটা মাত্র শুরু।“
নেতানিয়াহু আরও বলেন, “আমরা কখনোই হামাসের এই হামলা ভুলবো না। আর বিশ্বকেও ইহুদিদের ওপর হওয়া এই হামলা কখনো ভুলতে দেব না। আমরা আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করে যাব।“
এই অভিযানের জন্য ইসরায়েলের সাথে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছেও বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সাতদিন ধরে চলমান এই যুদ্ধে অব্যাহত বিমান ও কামান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা।
এ ছাড়া খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ অঞ্চলটিতে দেখা দিয়েছে চরম মানবিক সংকট।
