সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ম্যাচ মানেই যেন ব্যাটিং-ধসের গল্প। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য অনেকের মতো শোয়েব মালিকও দায়ী করছেন মিরপুরের মন্থর উইকেটে খেলাকে।
প্রতিপক্ষ যে-ই হোক, শুরুতে ব্যাটিং-দুর্দশার গল্প বদলাচ্ছে না বাংলাদেশের। ধর্মশালায় ইংলিশদের বিপক্ষে ৪৯ রানে হারিয়েছে প্রথম ৪ উইকেট। কাল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কিউইদের সঙ্গে ৫৬ রান তুলতেই নেই ৪ ব্যাটসম্যান। দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের সঙ্গে ৮ উইকেটে।
আইসিসি ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা দলটিই এখন বৈশ্বিক মঞ্চে এসে ভুগছে। পাকিস্তান অলরাউন্ডার মালিক এর জন্য দুষলেন ঘরের মাঠে মন্থর উইকেটে খেলাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মালিক বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন একসময়ের পাকিস্তান ক্রিকেটের সঙ্গে।
বাংলাদেশের বিপক্ষে এবং বিপিএলে খেলার অভিজ্ঞতা থেকে মালিক বলেন, ‘বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে, সবকটিই ছিল লো-স্কোরিং। তাদের স্পিনারদের পরিসংখ্যান দেখলে বিষয়টা নজরে আসে। এই ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও হয়েছিল। একসময় আমাদের ঘরোয়া ক্রিকেটে শুধু পেস-সহায়ক উইকেট বানানো হতো। তাতে ১৪০-এর বেশি গতিতে বোলিং করা পেসার আসা অনেকটাই কমে গিয়েছিল। এর ফলে স্পিনাররাও কম আসতে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। তাদের মিরপুর এমন একটা মাঠ যেখানে রান করা মোটেই সহজ নয়।’
শুক্রবার চেন্নাইয়ে ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন। নিউজিল্যান্ড দলের পেসার ট্রেন্ট বোল্টের ইনসুইং সামলে নিতে ক্রিজের অনেকটা বাইরে স্টান্স নিয়েছিলেন এই ওপেনার। সেখান থেকেই দুই পা এগিয়ে স্কয়ার লেগের দিকে খেললেন ফ্লিক শট। টাইমিংও হয়েছিল ঠিকঠাক। কিন্তু বল স্কয়ার লেগে না গিয়ে যায় ফাইন লেগে। সেখানে একমাত্র ফিল্ডার ম্যাট হেনরি লাফিয়ে লুফে নেন ক্যাচটা। যে আউট নিয়ে সমালোচনা কম হচ্ছে না।
পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামও লিটনের আউট নিয়ে কথা বলেছেন। তার মতে, শটটি ভিন্নভাবে খেলতে পারতেন অভিজ্ঞ লিটন, ‘লিটন দাস অনেক দিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের সংস্করণ। ফাইন লেগ যদি পিছে থাকে, তাহলে সিঙ্গেল নাও। এসব কি লিটনকে আমাদের বলতে হবে?’
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে সেই চিরচেনা কথাই বলেছেন, ‘দায়িত্ব নিতে হবে। ৩০-৪০ করলে আপনার দল জিতবে না। টপ অর্ডারের চারজনের থেকে সেঞ্চুরি আসতে হবে, সেটা হচ্ছে না। এটাই বাংলাদেশের সমস্যা।’ ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সাকিব আল হাসানের দল।
