‘তাওহীদুল উলূহিয়্যাহর’ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৩৯ এএম

নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর’ (আল-জিহাদী) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বাঁধন হোসেন (২৮)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার এটিইউ’র পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গ্রেপ্তার বাঁধনসহ অন্যরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং তাদের সমমনা বা মতাদর্শে বিশ^াসী বেশ কিছু সদস্য নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর’ (আল-জিহাদী) গঠন করে। তারা ফেসবুক ও হোয়াটসআ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে গণতন্ত্র উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিল।

এই কর্মকর্তা আরও বলেন, এটিইউ ইতিমধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সংগঠনের প্রতিষ্ঠাতা জুয়েল মোল্লাকে গত ১৪ সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল থেকে গ্রেপ্তার করা হয়। পরেরদিন আরেক সক্রিয় সদস্য রুহুলকে জয়পুরহাটের আক্কেলপুর ও ১৬ সেপ্টেম্বর ঢাকার ভাষানটেক এলাকা থেকে গাজিউল ইসলাম নামে অপর একজনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে সংগঠনের ৮টি পতাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাগেরহাটের রামপাল থানায় মামলা হয় এবং বাঁধন ওই মামলার এজহারনামীয় আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত