রাজধানীর শান্তিনগরে একটি ট্রাভেল এজেন্সির ভেতরে স্বজনদের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত এম বাহার (৫০) ওই ট্রাভেল এজেন্সির মালিক। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শান্তিনগর প্লাজার পাঁচতলায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় স্ত্রী জয়নব বেগমসহ অফিস স্টাফরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রীর অভিযোগ, কাতার যাওয়ার ফ্লাইট মিস করে শ্যালিকার স্বামী, শ্যালিকা ও শ্যালক এসে বাহারকে মারধর করেন।
বাহারের স্ত্রী জয়নব বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাখেরপুর গ্রামে। বাহারের বাবার নাম মৃত আলী আহম্মদ। এক সন্তান নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকেন তারা।
জয়নব বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীর শান্তিনগর প্লাজার পাঁচতলায় এম বাহার ওভারসিজ নামে ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজ আমার ছোট বোন জামাই জাকির হোসেনের কাতার যাওয়ার কথা ছিল। আমার স্বামী সব ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তারা এয়ারপোর্টে যেতে দেরি করায় ফ্লাইটটি মিস করে।’
জয়নব বলেন, ‘আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সে জন্য আগে থেকেই আমি আমার স্বামীর অফিসে ছিলাম। ফ্লাইট মিসের বিষয় নিয়ে আমার ছোট বোন ফাতেমা, তার স্বামী জাকির হোসেন ও আমার আপন ছোট ভাই ইউনুস আমার স্বামীর অফিসে গিয়ে তার গলা টিপে ধরে এবং মাথায় ঘুষি দিতে থাকে। এই মারধরের কারণে আমার স্বামী অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শান্তিনগর থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহারের পরিবারের অভিযোগ, মারধরে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। বিষয়টি তদন্ত করতে রমনা থানাকে জানানো হয়েছে।
