মন্ত্রীর আশ্বাস

কর্মবিরতি প্রত্যাহার বিবেচনা করবেন শিক্ষা ক্যাডাররা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:০২ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে কর্মবিরতির বিষয়টি পুনর্বিবেচনা করবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল শনিবার রাতে রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে মতবিনিময় শেষে সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী এ ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন আমাদের দাবিগুলো খুবই বাস্তবায়নযোগ্য; তবে একটু সময় লাগবে। এ ছাড়াও সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে হয়তো সবগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। সবগুলো বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’ সমিতির নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব সময়ই শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন।’ সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। সামনে নির্বাচন; এরপর জনগণ আওয়ামী লীগকে সরকারে আনলে সবগুলো দাবি বাস্তবায়ন করা হবে।’ নির্বাচনের আগে পদোন্নতির সুযোগ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমার মন্ত্রণালয়ের অধীনে যা রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।’ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তারা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত