মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান কারামুক্ত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে তারা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, গতকাল বিকেল ৫টার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় দুজনকে মুক্তি দেওয়া হয়।
এক দশক আগে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দুজনকে কারাগারে পাঠানো হয়।
এই রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিল ১০ অক্টোবর শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করা হয়।
এর আগে ৭ অক্টোবর আদিলুর ও নাসিরের সাজা বাড়ানোর জন্য হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা হয়।
