মেয়ের ছুরিকাঘাতে মায়ে (৪৮) করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শেরপুর হতে এস আর ট্রাভেলস বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মেয়ে সিঁথি বাস থেকে নেমে পরে। একই সঙ্গে মেয়ের সাথে মা-ও বাস থেকে নামেন। মেয়ে বাস থেকে কেন নামলেন তা জিজ্ঞাসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে ছুরি বের করে মায়ের বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ঝুমা কর্মকারকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মেয়েটিকে আটক করে থানায় এনেছে। আটক সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে কী কারণে মেয়ে এমন কাজ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
