নারী মেম্বারকে পেটালেন ওয়ার্ড আ.লীগ নেতা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৭ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাটে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বাগ্বিত-ার জের ধরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আহত নারী ইউপি সদস্যের নাম ছাহেলা বেগম (৫১)। তিনি উপজেলার সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই নেতার নাম আবদুল মান্নান ওরফে মোনাফ। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে চাষিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করতে আসেন ডিলাররা।

এ সময় সেখানে আসেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনাফ। গত মাসে কেন টিসিবির পণ্য আসেনি। এমন প্রশ্ন করে মোনাফ টিসিবির ডিলার ও জনপ্রতিনিধিদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। ইউপি সদস্য ছাহেলা বেগম তাকে গালাগাল করতে নিষেধ করলে হামলা চালায় মোনাফ। এ সময় বাধা দিতে গেলে আরেক পুরুষ ইউপি সদস্যও মোনাফের হামলার শিকার হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ওরফে মোনাফ বলেন, আমি টিসিবির লোকজনদের কাছে শুধু জানতে চেয়েছি গত দুই থেকে তিন মাস আসেনি কেন? নারী ইউপি সদস্যকে আমি কিছুই বলিনি। তিনিই উল্টো আমাকে বলেন, আমি কে এটা জিজ্ঞেস করার? একপর্যায়ে আমাকে গালমন্দ করেন। মারধর করার কোনো ঘটনা ঘটেনি।

চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মঙ্গলবার (আজ) সকালে পরিষদে বৈঠক ডাকা হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি।

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত