এসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, গত দুই যুগের অধিক সময় ধরে আমাদের পুঁজিবাজারকে পিছিয়ে রাখা হয়েছিল। এই বাজার অনেক টেকনিক্যাল। তাছাড়া এর গুরুত্বও অনেকে অনুধাবন করতে পারতেন না। কিন্তু পুঁজিবাজার সে জায়গা থেকে বের হয়ে এসেছে। বাজারের ব্যাপ্তি অনেক বেড়েছে। নতুন নতুন প্রোডাক্ট চালু হচ্ছে। তবে অর্থনৈতিক উন্নয়নের গতিকে টেকসই করতে হলে এই বাজারের আরও বিকাশ দরকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের উদ্বোধনী লেনদেন এবং রিং দ্যা বেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইসির কমিশনার ড. মিজানুর রহমান। শিবলী রুবাইয়াত বলেন, একটি গতিময় পুঁজিবাজার ও এর স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ড জরুরি। নির্বাচনের পর অর্থনীতিতে যে গতি সঞ্চার হবে, তার চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসইসি চেয়ারম্যান অন্ধভাবে ব্যবসায়ীদের সমালোচনা না করে যৌক্তিকভাবে বিশ্লেষণ করার আহ্বান জানান। তিনি বলেন, অনেকে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা লাভ করে। বিষয়টিকে এভাবে দেখা ঠিক নয়। কারণ ব্যবসায়ীরা লাভ না করতে পারলে ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন না। প্রতিষ্ঠান খেলাপি হয়ে বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা লাভ করে ব্যবসা সম্প্রসারণ করেন। তাতে সরকারের রাজস্ব আয় বাড়ে। নতুন নতুন কর্মসংস্থান হয়। তাতে দেশ এগিয়ে যায়। তাই ব্যবসায়ীদের লাভ করার সুযোগ দিতে হবে।
বিশেষ অতিথি এসইসির কমিশনার ড. মিজানুর রহমান বলেন, আমরা গত সাড়ে তিন বছরে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছি। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের আকার ১৫৬ কোটি টাকা। এই ফান্ডে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করা। দিনশেষে বিনিয়োগকারী লাভের হিসাব করবেন।
ডিএসইর লিস্টিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান।
