রাজধানীর মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের বেড়িবাঁধের ঢাল থেকে গতকাল মঙ্গলবার সত্তরোর্ধ্ব বয়সের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও পুলিশ তার আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। জানা যায়, নিহতের নাম করম আলী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী দেশ রূপান্তরকে বলেন, ‘মিরপুর বেড়িবাঁধের ঢাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার আত্মীয় ও পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।’
এই কর্মকর্তা বলেন, করম চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। প্রায় দুই মাস ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার পুলিশকে জানিয়েছে, বৃদ্ধ করম মানসিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যু কীভাবে হলো তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
