নিজ দোকানের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ দোকানের পেছনে সবজি বাগান থেকে সাদির মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের পাহাড়াদার কবির ব্যবসায়ী সাদির মিয়ার দোকানের পেছনে থাকা সবজি বাগানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা মুরাদনগর থানায় খবর দেয়।

নিহতের ছেলে সালাউদ্দিন জানান, তার পিতা নেয়ামতকান্দি বাজারে প্রায় ৪০ বছর ধরে মুদির ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গতকালও সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি দোকানে গিয়েছিলেন। সব সময় এশার নামাজের আগে দোকান বন্ধ করে তার বাবা বাড়ি চলে আসলেও মঙ্গলবার আর ফিরে আসেনি। বাজারে অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার কিছু আগে তারা দোকানের পেছনে তার বাবার লাশ পাওয়ার খবরটি জানতে পারেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত