মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘পথ যতই কঠিন হোক, আমাদের শান্তির চেষ্টা চালিয়ে যেতে হবে।’ বুধবার (১৮ অক্টোবর) তেল আবিবে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
বাইডেন বলেন, ‘আমাদের অবশ্যই একটি পথ অনুসরণ করতে হবে যাতে ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণ উভয়েই নিরাপদে, মর্যাদায় এবং শান্তিতে বসবাস করতে পারে। আমার জন্য, এর অর্থ দুই রাষ্ট্র সমাধান।’ তবে তিনি ২০১৪ সাল থেকে স্থগিত শান্তি আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবেন কিনা সে বিষয়ে কথা বলেননি।
এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬১ জন। আহত হয়েছে এক হাজার ২৫০ জনের বেশি।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০ জন এবং আহত হয়েছে চার হাজার ৪৭৫ জন।
