জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে আজ বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর শুক্রবার হলেও ছুটির দিন হওয়ায় পালন করা হচ্ছে আজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মিনার চত্বরে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা হবে। সকাল ৯টা ৪০ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এ ছাড়া সকাল ৯টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা জবি ক্যাম্পাস থেকে রায়সাহেব বাজার দিয়ে ভিক্টোরিয়া অতিক্রম করে ক্যাম্পাসে প্রবেশ করবে। শোভাযাত্রা থেকে ফিরে ১০টা ৪৫ মিনিটে ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হবে। এরপর বেলা ১১টায় বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস সফলভাবে উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবকাঠামোর সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধা ছাড়াই সফল হচ্ছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের যতœ নিচ্ছেন। সব সীমাবদ্ধতা কাটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’
