ভারতের উত্তরপ্রদেশে বাবার লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ্যে আসে, যা ঘটেছে কানপুরের দেহাত জেলায়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা হলেন ললিত এবং তার সৎভাই অক্ষত।
তাদের বাবার নাম বিমল। ৬৩ বছর বয়সী এই বৃদ্ধের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৩০ বছর বয়সী তরুণী খুশবু। তবে বাবার এই সম্পর্ক মেনে নিতে পারেননি ললিত ও অক্ষত। গত বৃহস্পতিবার সকালে আচমকাই বিমলের বাড়িতে ঢুকে তাদের মারধর শুরু করেন দুই ভাই।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই যুবক শুধু বাবার লিভ-ইন পার্টনারকেই খুন করেনি। ওই সময় রাম প্রকাশ দ্বিবেদী নামে এক বৃদ্ধকেও মারধর করা হয়, যিনি মারা যান এবং সম্পর্কে অভিযুক্তদের দাদু। যুবকদ্বয়ের বাবা বিমল কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
