‘বাংলাদেশের অ্যাভিয়েশন খাত সঠিক পথেই’

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ এএম

আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থার (আইকাও) সেক্রেটারি জেনারেল হুয়ান কার্লোস সালাজার বলেছেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সিভিল অ্যাভিয়েশন খাতকে এগিয়ে নেওয়ার যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো আসলেই অভিভূত হওয়ার মতো। এ বিষয়ে আইকাও অভিভূত। বিশেষ করে অ্যাভিয়েশন খাতে নারীর ক্ষমতায়নের আগ্রহ অবশ্যই বিশ্বব্যাপী প্রসংশিত হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫৮তম ডিজিসিএ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেক্রেটারি জেনারেল হুয়ান কার্লোস সালাজার বলেন, বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশনকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। অ্যাভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও আইকাওয়ের বিভিন্ন আইনগত গুরুত্বপূর্ণ বিয়য়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আওতায় আমরা একটি ফ্রেমওয়ার্ক সিগনেচার করেছি। যেখানে বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশনের সক্ষমতার ভিত্তিতে ট্রেনিং, গাইড, মাস্টারপ্ল্যান জাতীয় বিষয়গুলোতে আমরা পরামর্শে সহযোগিতা করব। বাংলাদেশের এ খাত সঠিক পথেই যাচ্ছে।

অ্যাভিয়েশন খাতে নারীর ক্ষমতায়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের প্রশংসা করে কার্লোস সালাজার বলেন, এখন বিশ্বব্যাপী অ্যাভিয়েশন খাতের নারীদের প্রাধান্য প্রতিনিধিত্ব বাড়ছে। বাংলাদেশকেও সেই আঙ্গিকে এগিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বক্তব্যর শুরুতেই জানিয়েছেন, এবারের কনফারেন্স নিয়ে আমন্ত্রিত প্রতিনিধিরা বাংলাদেশের অ্যাভিয়েশন সম্পর্কে বিশেষ করে হাব তৈরিতে বেশ আশাবাদী। এজন্য আইকাওর তরফ থেকে যতটা সম্ভব প্রশিক্ষণ, গাইডলাইন ও মানদ- বজায় রেখে গুণগত পরিবর্তন আনার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ঢাকায় বিশ্বের ৪৭ দেশের ৫০০ অ্যাভিয়েশন কর্তার মিলনমেলা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। গত রবিবার থেকে পাঁচ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৪৭টি দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ ৫০০ বিদেশি ডেলিগেট এতে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত