জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:২১ এএম

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর্মির সহযোগিতায় আর ক্যান্টনমেন্ট থেকে যারা জন্মগ্রহণ করেছে আজ সেসব পার্টির লোকেরা নানা ধরনের আস্ফালন করছেন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেজন্য আজ তারা নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন। কখনো এই দেশ, কখনো সেই দেশের হাতে-পায়ে ধরে একটা বিবৃতি কিংবা অনুনয়-বিনয় করে কিছু একটা আনার চেষ্টা করছেন। যদি জনগণের সমর্থন চান তাহলে তাদের কাছে মাফ চান। আপনারা যে অন্যায় করেছেন, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। মার্কিন প্রতিনিধিদল একটি জরিপ করে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমর্থন বর্তমানে ৭০ শতাংশ। কাজেই কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু দেশের নয়, বিশ্বের নন্দিত নেতায় পরিণত হয়েছেন, সমাজকর্মীতে পরিণত হয়েছেন। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে জনপ্রিয়তা দেখান।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

এর আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ আছে আমার জানা নেই। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচনকালীন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীন হয়ে যাবে। সেখানে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত, পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল, পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকা- চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত