অফিস শেষে লাশ হয়ে বাড়ি ফিরল নাঈম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১২:০৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় অফিস শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাঈম উদ্দিন (৪০) নামে কেইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার সিইউএফএল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম উদ্দিন কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজে (কেএসআই) ডিপার্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের আবদুল নুরের ছেলে। টানেল সংযোগ সড়ক তৈরির কারণে বাড়ি অধিগ্রহণের পর তার স্ত্রী-সন্তান নিয়ে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

নাঈমের সঙ্গে থাকা অটোরিকশার আরেক যাত্রী মিসবাহুল আলম মাসুম জানান, অফিস শেষে একটি অটোরিকশায় উঠে চাতরী চৌমুহনী বাজারে যাচ্ছিলাম আমরা। নাঈম ছিলেন চালকের ডান পাশে বসা। এ সময় মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে নাঈম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত