দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গত সপ্তাহে দেশ থেকে বিদায় নিয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা বলছেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘনীভূত) হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের পরিবর্তনের ওপর নির্ভর করবে বৃষ্টিপাত কতদিন স্থায়ী হতে পারে। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অক্টোবর-নভেম্বর ঘূর্ণিঝড়প্রবণ মাস। তবে আরব সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তার প্রভাব বাংলাদেশে পড়বে না। এ ছাড়া আমাদের অঞ্চলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও নেই।’
আবহাওয়া অধিদপ্তরের আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার (২১ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রবিবার চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
