বিএনপি নির্বাচনে আসলে জামানত হারাবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ এএম

বিএনপি নির্বাচনে এলে নির্ঘাত জামানত হারাবে, তাই তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি গতকাল শুক্রবার সন্ধায় সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও আসন্ন দ্বাদশ নির্বাচনী সাটুরিয়া ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বলেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শান্তিপূর্ণ সব দলকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তারা নির্বাচনে আসতে চায় না। তারা বিশৃঙ্খলা সৃৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার প্যালেস্টাইনবাসীদের পক্ষে আছে। তিনি আমাকে বলেছেন, তাদের জন্য বড় ধরনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পাঠাতে। আমরা তার ব্যবস্থা করছি।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা উন্নয়নের রাজনীতি করি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর বিএনপি জ¦ালাও-পোড়াও রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে বোমা হামলা করে। বাংলা ভাই তৈরি করে। বিএনপির সঙ্গে আর জনগণ নেই। তাই তারা আর নির্বাচনে আসতে চায় না। তাই আগামী নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন।’

আগামী নির্বাচনের আগে অনেক কাজ আছে বলে কর্মীদের উদেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের উন্নয়নের কথা বলবেন জনগণের কাছে। তাদের ভোটকেন্দ্রে আসার জন্য কাজ করবেন। আর দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবেন।’

এ সময় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত