ডেঙ্গুতে নারী মৃত্যু ৭০০ রোগী ১ লাখ ছাড়াল

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:৩৬ এএম

দেশে এ বছর ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারী রোগীদের মৃত্যু বেশি। অথচ আক্রান্ত বেশি পুরুষরা। এমন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের নিয়ে (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) নারী মৃত্যু ৭০০ ছাড়াল। এ সময় নতুন করে আরও ২০ জন ডেঙ্গুতে মারা গেছে। তাদের মধ্যে নারী ৯ ও ১১ জন পুরুষ। এ নিয়ে এ বছর নারী মৃত্যু দাঁড়াল ৭০৮ জনে, যা মৃত্যুর ৫৭ শতাংশ। মৃতদের অবশিষ্ট ৪৩ শতাংশ বা ৫৩৮ জন পুরুষ।

অন্যদিকে, নারী রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮৯ জন। তাদের মধ্যে নারী ৭৬৩, যা দৈনিক ভর্তি রোগীর ৪০ শতাংশ ও বাকি ৬০ শতাংশ বা ১ হাজার ১২৬ জন পুরুষ। এ নিয়ে এ বছর নারী রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪৭ ও পুরুষ ১ লাখ ৫২ হাজার ৩৪৩ জন। অর্থাৎ বর্তমানে মোট রোগীর ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ পুরুষ। এ বছর নারীদের মধ্যে বেশি মারা গেছে ৩৬-৪০ বছরের মধ্যে। এ সংখ্যা মোট মৃত্যুর ১০ শতাংশ বা ৮২ জন। কিন্তু বেশি আক্রান্ত হয়েছে ৩১-৩৫ বছর বয়সী নারীরা, ১০ হাজার ৪৬ জন বা ১০ শতাংশ। সবচেয়ে কম মারা গেছে ২ শতাংশ করে ৭৬-৮০ বছর ও ৮০ ঊর্ধ্ব বয়সী নারীরা ও কম আক্রান্ত হয়েছে একই বয়সী নারীরা যথাক্রমে শূন্য দশমিক ৫ শতাংশ ও শূন্য দশমিক ৩ শতাংশ করে। 

গত ২৪ ঘণ্টায় গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ ২০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে সমানসংখ্যক মৃত্যু হয়েছিল ৪৪ দিন আগে গত ৭ সেপ্টেম্বর। নতুন মৃতদের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে সমানসংখ্যক ১০ জন করে রয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৬ জনে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৭৬৭ জন ও ঢাকার বাইরে ৪৭৯ জন। এ বছর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ। তাদের মধ্যে নারী মৃত্যুহার শূন্য দশমিক ৮ শতাংশ ও পুরুষ শূন্য দশমিক ৩ শতাংশ।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে ঢাকায় ৯১ হাজার ৯২২ ও ঢাকার বাইরে ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৮ হাজার ১১৪ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় আছে ২ হাজার ৩৪১ ও ঢাকার বাইরে ৫ হাজার ৭৭৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত