ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ, ছয় যোদ্ধা নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪১ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও সংঘাতে জড়িয়ে পড়ছে দেশটি। ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী গোষ্ঠীটির সাথে শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী ইসরায়েলের হামলা-পাল্টা হামলা চলেছে।

ইসরায়েল জানিয়েছে যে, শনিবার তাদের বিমান হামলায় হিজবুল্লাহর ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, তাদের একজন সৈন্যকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তারই জবাবে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল। ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছে।

হামাসের সাথে চলমান যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের সমর্থনে যুদ্ধে যোগ দেয় ইরান-সমর্থিত লেবাননভিত্তিক গোষ্ঠীটি। রয়টার্স বলছে, লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়েছে ইসরায়েলের।

এতে করে গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সাতজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ ছাড়া হিজবুল্লাহর সাথেও সংঘাত ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে গেছেন সীমান্তের উভয় পাশের বাসিন্দারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত