ফিলিস্তিনের পক্ষে বিশ্বজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০১:৩৪ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে দুই সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা, অভিযান ও ধরপাকড়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। আল জাজিরা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। এর দেড় ঘণ্টা পরও বিক্ষোভ মিছিলে যোগ দেন মানুষ।

দক্ষিণ আফ্রিকার বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ করেছে দেশটির ক্ষমতাসীন দল এএনসিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন গোষ্ঠীর মানুষ। গত শুক্রবার জুমার নামাজের পর প্রিটোরিয়াস্থ কূটনীতিক এলাকার স্থানীয় ও বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ করেন।

এ ছাড়া ফ্রান্সের রেনেস, মন্টপেলিয়ার, ডিজন, মার্সেই এবং লিয়নসহ বেশ কয়েকটি শহরে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে "আমরা সবাই ফিলিস্তিনি" স্লোগান দেয়।

এছাড়া জার্মান পুলিশ জানিয়েছে, ডুসেলডর্ফে ফিলিস্তিনিপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভে প্রায় ৭,০০০ মানুষ অংশ নেয়।

এছাড়া রোম, বার্সেলোনা, টরন্টো শহর, নিউইয়র্কসহ বিশ্বের অন্যান্য বড় শহরগুলোতেও ফিলিস্তিনের পক্ষে মানুষকে বিক্ষোভে জড়ো হতে দেখা যায়।

নিউইয়র্কে মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোষ্ঠীর শত শত বিক্ষোভকারী ইউএস সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের অফিসমুখী হয়ে মিছিল করে এবং "এখনই যুদ্ধবিরতি" বলে স্লোগান দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত