লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুটি আস্তানায় হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহতের খবর পাওয়া গেছে। খবর আল জাজিরা ও রয়টার্স।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে লেবাননে দুটি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। ওই দুই আস্তানা থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা করার পরিকল্পনা করছিল সশস্ত্র সংগঠনটি এমনটাই দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, একটি লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি শহরের মাত্তাতের কাছে, অন্যটি ছিল বিতর্কিত শেবা ফার্মস এলাকায় আরও উত্তরে।
এদিকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েলি হামলায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএও দক্ষিণ লেবাননের আইতারাউনের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার খবর জানিয়েছে। তবে ইসরায়েল ও হিজবুল্লাহ একই হামলার ঘটনা উল্লেখ করছে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
হামাসের সাথে চলমান যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের সমর্থনে যুদ্ধে যোগ দেয় ইরান-সমর্থিত লেবাননভিত্তিক গোষ্ঠীটি। রয়টার্স বলছে, লেবাননের সীমান্ত বরাবর বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়েছে ইসরায়েলের।
এতে করে গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সাতজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ ছাড়া হিজবুল্লাহর সাথেও সংঘাত ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে গেছেন সীমান্তের উভয় পাশের বাসিন্দারা।
