কেন হয় তিল ও করণীয়

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ এএম

গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইটের সংখ্যা এবং এর বিস্তৃতির ওপরে। শরীরের ত্বকে যেখানে একসঙ্গে অনেক মেলানোসাইট একত্রে ক্লাস্টার হিসেবে   তৈরি হয় বা জমে যায়Ñ সেই স্থান তিলে পরিণত হয়। পূর্ণবয়স্ক মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকা স্বাভাবিক। তিল সাধারণত হাত, পা বা উন্মুক্ত স্থানে বেশি দেখা যায়।  যা সূর্যের আলোর সংস্পর্শে আসে। কারও কারও জন্ম থেকেই তিল থাকে। আবার কারও বয়সের সঙ্গে সঙ্গে তিলের সংখ্যা বাড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তিলকে বলে নেভি বা নেভাস। সাধারণ তিলের আকার পাঁচ মিলিমিটারের কম হয়। রং বাদামি, লালচে বা কালো থাকে। উপরিভাগ মসৃণ আর আকারে বৃত্তাকার বা ওভাল। আশপাশের ত্বক থেকে স্পষ্টভাবেই আলাদা, কখনো খানিকটা উঁচু থাকে।

তিল ক্ষতিকর নয়

তিল সাধারণত জিনগত কারণে হয়। অতিরিক্ত সূর্যালোকে যাওয়া ও রেডিয়েশন থেরাপি দীর্ঘদিন চললেও তিল হতে পারে। কেউ দীর্ঘদিন অন্য কোনো রোগের ওষুধ সেবন করলেও তিল দেখা দিতে পারে। সাধারণত তিল বা আঁচিল শরীরের ক্ষতি করে না। তবে শরীরের তিলের পরিবর্তন বা স্ফীতি দেখা দিলে, তার সঙ্গে খাবারে অরুচি, হঠাৎ ওজন হ্রাস, মলত্যাগের অভ্যাসের আকস্মিক পরিবর্তন থাকলে অবহেলা করা ঠিক না। কোনো কোনো সময়ে পরিবর্তিত তিল ক্যানসারের লক্ষণ বলে ধরা হয়।

লাল তিল

শরীরের যে অংশে চামড়া তার ঠিক নিচেই শিরা (যেমন ঘাড়, গলা, পিঠ কিংবা বুক) থাকে, সেখানেই এ ধরনের লালচে তিল হয়। চিকিৎসার ভাষায় এর নাম ক্যাম্পবেল দে মরগ্যান স্পট। ত্রিশের বেশি বয়সে যখন রক্তবাহী শিরা বা ধমনি পাতলা থাকে, তখনই এ ধরনের তিল তৈরির আশঙ্কা বাড়ে।

চিকিৎসা

তিল যেহেতু এমনিতে কোনো ক্ষতি করে না, সৌন্দর্যগত কারণেই এটা অপসারণ করা হয়। বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে ইলেকট্রো সার্জারি। যন্ত্রের মাধ্যমে তিল সরিয়ে ফেলা হয়। এ ক্ষেত্রে দাগও মিলিয়ে যায় খুব দ্রুত। এ ছাড়া লেজার রিসারফেসিং, ফ্র্যাকশনাল লেজারও ব্যবহার করা হয়। এসব চিকিৎসা অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে করাতে হবে। ভুল চিকিৎসা এবং ক্ষতিকর ব্লিচিং এজেন্ট ব্যবহারের কারণে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

তিল এড়াতে

নতুন তিল তৈরি এড়াতে হলে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। রোদে বের হলে ভালো ব্র্যান্ডের সানব্লক ও ছাতা ব্যবহার জরুরি। এছাড়া সুষম খাবার ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রয়োজনে ত্বকের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত