আয় বাড়াতে মরিয়া শ্রীলঙ্কা, সাত দেশ পাচ্ছে ফ্রি ট্যুরিস্ট ভিসা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম

সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা। দেশটির মন্ত্রিসভা সম্প্রতি এই প্রস্তাব অনুমোদন করেছে। তালিকায় থাকা দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংশ্লিষ্টরা জানান, একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন সাত দেশের নাগরিকেরা। পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে কলম্বো। বিনামূল্যে পর্যটন ভিসা দেওয়া এই কর্মসূচির অংশ।

image

সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির ও চায়ের জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। করোনা অতিমারির পর গত বছর চরম আর্থিক সংকট মোকাবিলা করেছে দেশটি। সে সময় জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে শ্রীলঙ্কায় পর্যটক যাওয়া অনেক কমে যায়। তবে এ বছর চিত্র বদলেছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছে। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে।

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন। এরপরেই আছে রাশিয়ার পর্যটকেরা, সংখ্যায় যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে। গতবছর একই সময়ে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কার আয় ছিল ৮৩৩ মিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত