আপনার জিজ্ঞাসা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৫ এএম

অন্যের ফেলে যাওয়া

জিনিস ব্যবহার

আব্দুল্লাহ আলী, মিরপুর, ঢাকা

প্রশ্ন : আমি একটি মেস চালাই। অনেক সময় দেখা যায়, অনেকে প্যান্ট, বেডিং, বালিশ ইত্যাদি রেখে চলে যায়। কিন্তু পরে ওইগুলো আর নেয় না। এই জিনিসগুলো আমি কী করব?

উত্তর : মেসে বসবাসকারী লোকদের রেখে যাওয়া বস্তুগুলো যদি এমন হয়, যা সাধারণত মানুষ নিতে আসে না, সেগুলো গরিবদের দিয়ে দিতে পারবেন। গরিব মেস মেম্বাররাও তা ব্যবহার করতে পারবে। আর যদি এমন বস্তু হয়, যেগুলোর ব্যাপারে মনে হয় যে, তা হয়তো ভুলে ছেড়ে গেছে তাহলে মালিকের সন্ধান করতে চেষ্টা করবেন। যদি সন্ধান না পাওয়া যায় তাহলে তার আসার অপেক্ষা করবেন এবং যতদিন মালিক আসার সম্ভাবনা থাকবে ততদিন অপেক্ষা করার পরও মালিক না আসলে কোনো গরিব লোককে তা দিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি দরিদ্র হলে নিজেও তা ব্যবহার করতে পারবেন। আল বাহরুর রায়েক : ৫/১৫৩

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা

তাহমীদ, মতলব, চাঁদপুর

প্রশ্ন : একজনের কাছে শুনেছি, নাভির নিচের পশম ৪০ দিনের বেশি কাটা না হলে নামাজ মাকরুহ হয়। এ কথা কতটুকু সঠিক?

উত্তর : নাভির নিচের পশম প্রতি সপ্তাহে পরিষ্কার করা মোস্তাহাব। আর তা জুমার দিনে করা অতি উত্তম। সপ্তম দিনে সম্ভব না হলে প্রতি ১৫ দিনে একবার। এর চেয়েও বিলম্ব হলে সর্বোচ্চ ৪০ দিন যেন অতিক্রম না হয়। কেননা এর চেয়ে বিলম্ব করা মাকরুহ। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ (সা.) নখ ও গোঁফ কাটা এবং বগলের চুল উপড়ানো ও নাভির নিচের পশম পরিষ্কারের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন যে, তা যেন চল্লিশ রাতের অধিক (অপরিষ্কার অবস্থায়) রাখা না হয়। সহিহ মুসলিম : ২৫৮

তাই এসব পরিষ্কারে ৪০ দিনের বেশি বিলম্ব করবে না। তবে এ কারণে নামাজ মাকরুহ হওয়ার কথা ঠিক নয়। ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩৫৭

সৎমায়ের আগের ঘরের মেয়েকে বিয়ে

মুহাম্মদ আবদুল কুদ্দুস, চিতলমারী, বাগেরহাট

প্রশ্ন : কিছুদিন আগে আমার মায়ের ইন্তিকালের পর আমার পিতা এক বিধবা নারীকে বিবাহ করেন। তার ১৮ বছরের এক মেয়ে আছে। সে এখন আমাদের বাড়িতেই থাকে। সম্প্রতি ওই মেয়ের মামা চাচ্ছেন আমার সঙ্গে তাকে বিয়ে দিতে। আমি কি তাকে বিবাহ করতে পারব?

উত্তর : মেয়েটির পিতা-মাতা যেহেতু ভিন্ন তাই আপনি তাকে বিবাহ করতে পারবেন। কারণ মেয়েটি আপনার মাহরাম নয় এবং তার সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। -ফাতহুল কাদির : ৩/১২০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত