খালেদার চিকিৎসায় ঢাকায় তিন মার্কিন চিকিৎসক

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল বুধবার রাত ৭টা ৪০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের ঢাকায় এসে পৌঁছানোর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটি গঠিত মেডিকেল টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মার্কিন চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। তারা এখন বিশ্রামে আছেন। আগামীকাল সকালে তারা হাসপাতালে যাবেন। মার্কিন যে চিকিৎসকরা ঢাকায় এসেছেন তারা আগে থেকেই খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ দিয়ে আসছিলেন ভার্চুয়ালি। এবার তারা সরাসরি এলেন।’

ঢাকায় আসা মার্কিন চিকিৎসকরা হলেনÑ মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত  প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। আর অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি  রেডিওলজি অ্যান্ড রেডিওলজিক্যাল বিশেষজ্ঞ। আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।’

উল্লেখ্য, জনস হপকিন্স হাসপাতাল বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের মতো বিশ^বিদ্যালয় এবং হাসপাতালটি গবেষণার জন্য বিখ্যাত।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে গত মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে  কেবিনে স্থানান্তর করা হয়। এ নিয়ে তাকে চারবার সিসিইউতে নেওয়া হলো।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে পরামর্শ দিয়েছেন। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত