বিএনপিকে উন্মুক্ত স্থানে নিতে চায় পুলিশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৭ এএম

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির জন্য উন্মুক্ত স্থান বা মাঠ বা জায়গা নির্বাচন করলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জন্য সুবিধা হয় বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন।

গতকাল বুধবার তার কার্যালয়ে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করে বলেন, ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো একটা মাঠে করাই ভালো। আমরা সবসময়ে রাজনৈতিক দলগুলোকে বারবার এ ধরনের অনুরোধ করি। এবারও এ বিষয়ে তাদের সঙ্গে বৈঠক হলে আমরা অনুরোধ করব। তিনি বলেন, ২৮ অক্টোবর বৃহত্তর দুটি রাজনৈতিক দল সমাবেশের জন্য নয়াপল্টনে ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট চেয়েছে। এই বিষয়গুলো আমরা অ্যাসেসমেন্ট করছি। যদি শান্তিপূর্ণ সমাবেশ হয়, তাহলে কোন জায়গায় করলে জনদূর্ভোগ ও মানুষের জীবনযাত্রার সমস্যা হবে না এবং সেই সঙ্গে তাদের সমাবেশের যে অধিকার, সেটি যেন অক্ষুণœ থাকে সে বিষয়গুলো বিবেচনায় করে সিদ্ধান্ত দেবেন তারা।

বসে পড়ার মতো কোনো তথ্য আছে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারা আমাদের যে চিঠি দিয়েছে সেখানে বলা আছে শান্তিপূর্ণভাবে সমাবেশের কথা। কাজেই আমরা ধরে নেই তারা দায়িত্বশীল আচরণ করবেন।

নয়াপল্টনে রাস্তা বন্ধ করে সমাবেশের বিষয়ে অতিরিক্ত কমিশনার বলেন, ঢাকা শহরে আনুমানিক সোয়া দুই কোটি থেকে আড়াই কোটি লোকের বাস। এ ছাড়া ৫০ লাখ মানুষ প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। কাজেই এ সব মানুষের যে আইনি অধিকার, মানবাধিকার, নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে সে বিষয়গুলোকে প্রটেকশন দেওয়া এবং সমুন্নত রাখার দায়িত্ব কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তায়। এরপরেও সব রাজনৈতিকদলগুলোকে আমরা সমভাবে সমাবেশের জন্য ভেন্যু বিবেচনা করে আমরা তাদের আইনি কাঠামোর মধ্যে শর্ত দিয়ে দিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত