রাজধানীর ডেমরা ধার্মিকপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় কাভার্ডভ্যানচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর পৌনে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় থাকতেন।
নিহতের শ্যালক মো. খোরশেদ জানান, তারা ধার্মিকপাড়ায় ‘যারা প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে একটি কারখানায় কাজ করেন। গত ৪-৫ মাস যাবত কারখানাটির নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করে আসছিলেন রফিকুল ইসলাম। বুধবার দিবাগত রাতে কারখানার সামনে রাস্তায় চেয়ার পেতে বসে ছিলেন তিনি। ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েন। এ সময় কারখানারই মালামাল বহনকারী একটি কাভার্ডভ্যান পেছনের দিকে ঘোরানোর সময় রফিকুল ইসলামের উপর দিয়ে উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এদিকে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হোসেন জানান, ‘যারা প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে কারখানাটারই মালামাল বহন করা একটি কাভার্ড ভ্যান পেছনের দিকে ঘোরানোর সময় অসতর্কতাবশত নিরাপত্তাকর্মীর উপর উঠে যায়। এ সময় তিনিও চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন বিধায় গাড়িটি দেখতে পাননি। ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে তার চালক কারখানা থেকে চলে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
