রাজধানীতে যুবকের রহস্যমৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম

রাজধানীতে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বন্ধুর দাবি, লরি চাপায় মারা গেছেন তিনি। তবে ঘটনাটির কোনো সূত্র বা ঘটনাস্থলের কোনো আলামত খুঁজে পায়নি পুলিশ।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জানা যায়, খিলগাঁওয়ের নন্দিপাড়ায় স্ত্রী, সন্তানসহ থাকেন জাকির। এলাকাতে তার ফার্নিচার ব্যবসা রয়েছে। তার বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

হাসপাতালে তার বন্ধু সানি দাবি করেন, রাতে দুটি মোটরসাইকেলে চারজন মিলে ঘুরতে গিয়েছিলেন মাওয়া ঘাটে। সানির মোটরসাইকেলে ছিলেন সানির স্ত্রী। আর জাকিরের মোটরসাইকেলে ছিলেন জাকিরের বান্ধবী সানজিদা আক্তার (২২)। ভোরে সেখান থেকেই ফেরার সময় পোস্তগোলা ব্রিজ পার হয়ে রাজধানীতে ঢোকার সময় একটি লরি চাপা দেয় জাকিরের মোটরসাইকেলটিতে। এতে জাকির ও তার এক বান্ধবী আহত হন। ঢাকা মেডিকেলে নিলে মৃত্যু হয় জাকিরের।

তবে নিহতের বন্ধু সানির কথাতে অসংলগ্নতা দেখা গেছে। ঘটনার পর একেক সময় একেক বক্তব্য দিতে শোনা গেছে তাকে। এছাড়াও জাকিরের মোটরসাইকেলে থাকা তার বান্ধবী সানজিদার আহতের কথাও গোপন করার চেষ্টা করেন তিনি।

এদিকে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার একটি খবর পেয়েছি। তবে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত খুঁজেও ঘটনাস্থল চিহ্নিত করা যায়নি বা কোনো আলামতও পাওয়া যায়নি। এছাড়া নিহতের স্বজনরাও কেউ এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, থানার কোনো ধরনের লিখিত অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন বন্ধু ও স্বজনরা। মৃত্যুর বিষয়টি মর্গ অফিসে লিপিবদ্ধ করা হয়নি। তবে হাসপাতাল থেকে লাশ বের করার সময় চিকিৎসকের লেখা একটি 'গেট পাস' দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত