ব্রাসেলস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল বেলা ১১টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী বিমানে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে বিমানটি বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে ব্রাসেলসের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে দেশের পথে যাত্রা করে।

সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।

২৫ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সাড়ে ৪ কোটি ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১ কোটি ২০ লাখ ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

সফরকালে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭ কোটি ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করে।

একই দিন ২৫ অক্টোবর শেখ হাসিনা ‘গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং ভাষণ দেন। বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিন ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভনডার লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেন।

২৬ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন। শেখ হাসিনা পরে বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন।

টিভি চ্যানেল ‘ইউরো নিউজ’ এবং ‘পলিটিকো’ যথাক্রমে ২৫ ও ২৬ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত