বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম

বিএনপি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল ও পুরান পল্টন এলাকা। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছুড়েছে পুলিশ।

বিএনপির মহাসমাবেশ শুরুর আগে দুপুরে কাকরাইল এলাকায় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ বিজয়নগর পানির ট্যাংকির এলাকায়ও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি পিকআপ ট্রাকে করে সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে যাচ্ছিলেন। কাকরাইল মোড় থেকে আরামবাগ পর্যন্ত সড়কে আগে থেকেই ছিলেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা কাকরাইল এলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।

দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে কাকরাইল মসজিদের কাছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রধান বিচারপতির বাড়ির সামনের রাস্তায় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। পরে তা নাইটিংগেল মোড়ে ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে নয়াপল্টন ও শান্তিনগরের দিক থেকে বিএনপির কর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের ধাওয়ায় বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকেও বিএনপির লোকজন সরে যায়। বিকেল ৩টার দিকে পুরান পল্টনে পুলিশ অবস্থান নেয়। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত