অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে আরও ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে তিন সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর গণগ্রেপ্তার অভিযান চালাচ্ছে দেশটি।
শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতিতে জানায়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন হামাসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীর থেকে দেড় হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় গাজার হাজার হাজার শ্রমিক, যারা যুদ্ধ শুরু হওয়ার সময় ইসরায়েলে নিযুক্ত ছিল, তারাও নিখোঁজ রয়েছে।
যদিও ইসরায়েলে কাজ করা ওই শ্রমিকদের সঠিক সংখ্যা এখনো অজানা। ধারণা করা হচ্ছে হাজার হাজার শ্রমিককে ইসরায়েলি সেনাবাহিনী আটক করে অজ্ঞাত স্থানে পাঠিয়েছে।
