পরপর দুই সিনেমা দিয়ে ইভনের ঢালিউড যাত্রা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পিএম

সম্প্রতি ‘ইতি চিত্রা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সেই আমেজ কাটিয়ে ওঠার আগেই আবারও প্রেক্ষাগৃহে আসছেন ইভন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘মেঘের কপাট’। বানিয়েছেন ওয়ালিদ আহমেদ। ‘ইতি চিত্রা’র দর্শক সাড়া নিয়ে ইভন বলেন, ‘প্রত্যাশার থেকেও বেশি সাড়া পাচ্ছি। যারাই সিনেমাটি দেখছেন, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকে আবার গঠনমূলক সমালোচনাও করছেন। এটা ভবিষ্যতের জন্য কাজে দেবে।’ আর মুক্তি প্রতীক্ষিত ‘মেঘের কপাট’ সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘এই সময়ের গল্পের সিনেমা ‘মেঘের কপাট’। আমাদের জীবনে যে ক্রাইসিস থাকে পারিবারিক, মানসিক, সামাজিক কিংবা ব্যক্তিগত, সেগুলোই তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শকরা যেমনি উপভোগ করবেন, তেমনি কখনো কখনো নিজেকে নিজের মুখোমুখি আবিষ্কার করবেন।’ এই ছবিতে নিজের চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার চরিত্রের নাম ধ্রুব। সদ্য গ্রাজুয়েশন শেষে চাকরি করছে। তার জীবনের কেন্দ্রবিন্দুতে মা, গার্লফ্রেন্ড ও গান। অনেকেই আছেন শিল্প নিয়ে মেতে থাকেন, চাকরিতে তাদের মন বসে না। সে কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মেঘের কপাটের গল্প এগিয়ে যায়।’

তিন সপ্তাহের মধ্যে নিজের দুটি সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে ইভন বলেন, ‘গত দুই বছর আমরা ইতি চিত্রা ও মেঘের কপাটের জন্য অপেক্ষা করেছি। যখন রিলিজ হচ্ছে প্রায় একসঙ্গে রিলিজ হচ্ছে। বড় পর্দায় সিনেমা মুক্তি বড় একটা ব্যাপার। সেখানে পরপর দুটি সিনেমা মুক্ত পাচ্ছে এবং দুটি সিনেমাতেই আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। নিঃসন্দেহে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত