চোটের থাবায় একের পর এক ক্রিকেটার হারাচ্ছে শ্রীলঙ্কা। সেই মিছিলে এবার যোগ দিয়েছেন লাহিরু কুমারাও। বিশ্বকাপের বাকি অংশে এই পেসারকে পাবে না লঙ্কানরা।
পুনেতে অনুশীলনের সময় বাঁ পায়ের ঊরুতে ব্যথা পান কুমারা। এই চোট তাকে ছিটকে দিয়েছে পুরো আসর থেকেই। চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডকে হারানোর পথে ওই তিন শিকার ধরে ম্যাচ সেরা হয়েছিলেন কুমারা।
তার জায়গায় বিশ্বকাপ দলে দুশমন্থ চামিরাকে যোগ করার অনুমতি পেয়েছে শ্রীলঙ্কা। এই পেসার বিশ্বকাপে লঙ্কানদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকতেন। কিন্তু চোটের কারণে তাকে মূল দলে রাখতে পারেনি ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।
রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন চামিরা। এবার কুমারার চোটে মূল দলে ঢুকে গেলেন এই পেসার।
বিশ্বকাপ দলে এনিয়ে তিনটি পরিবর্তন আনতে হলো শ্রীলঙ্কাকে। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা পেশির চোটে পড়ায় দলে এসেছেন চামিকা করুনারত্নে। কাঁধের চোটে ছিটকে পড়া মাথিশা পাথিরানার জায়গায় ডাক পেয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস।
পুনেতে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলবে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুটি জেতা শ্রীলঙ্কা।
