গাজীপুরে আইনমন্ত্রী

সমস্ত বিচার বিভাগকে লাথি মারা হয়েছে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:১২ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমূলক কাজ করে শনিবার একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে। এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ হত্যার বিচার অবশ্যই হবে। প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মারা হয়েছে। এটা আমি মনে করি সমস্ত বিচার বিভাগকে লাথি মারা হয়েছে। এটা কোনো সরকার, বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এর বিচার ত্বরিতগতিতে হবে ইনশাআল্লাহ।

গতকাল রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। রাজনীতিতে অনেক কথা, দেশের মানুষের কল্যাণের কথা দেশের মানুষের উন্নয়নের কথা বলতে কারও বাধা নেই। কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা চালানো হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলব ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছেন। তিনি দেশের উন্নয়ন করেছেন। এ উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশ যেন নিজের পায়ে না দাঁড়াতে না পারে, যেন ২০৪১ সালে উন্নত দেশ হতে না পারে, সেজন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যবস্থা করেছেন। দেশের আইনের শাসন চালু থাকুক এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার ও জনগণের কাছে প্রতিশ্রুতি।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে নির্বাচন হবে। কারণ রাস্ট্রের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের ইচ্ছায় রাস্ট্র পরিচালিত হবে এবং সংবিধান অনুসারে প্রতি পাঁচ বছর পরপর জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচন করবেন। তারা এ রাস্ট্র পরিচালনা করবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) উম্মে কুলসুম, জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, জেলা রেজিস্ট্রার সাদিকুল নাহার প্রমুখ। এর আগে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত