ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হাতে জিম্মি হওয়া এক জার্মান-ইসরায়েলি তরুণী মারা গেছেন। শানি লেক (২২) নামের ওই তরুণী গত ০৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হন। সোমবার (৩০ অক্টোবর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আল জাজিরা জানিয়েছে, জার্মান ট্যাবলয়েড বিল্ডকে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি সত্যিই দুঃখিত আমরা খবর পেয়েছি শনি লেককে মৃত বলে নিশ্চিত করা হয়েছে।’ তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত ০৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রিমের কাছাকাছি এলাকায় সুপারনোভা সঙ্গীত উৎসবে হামলা চালায় হামাস। এতে শতাধিক ইসরায়েলি নাগরিক নিহত হন। উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, তারা উৎসব স্থল থেকে আড়াই শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করেন।
