বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে ভারতে পা দেয় ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাদে তাদের পারফরম্যান্স হতাশ করেছে অনেককে। সাবেক ক্রিকেটার, বিশ্লেষকদের সমালোচনা শুনতে হচ্ছে জস বাটলারের দলকে। পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার ইংল্যান্ডের সমালোচনা করতে গিয়ে টেনে এনেছেন 'বাজবল' বিষয়টি।
রবিবার এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারতের কাছে ১০০ রানে হেরেছে ইংল্যান্ড। ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলআউট হয় ১২৯ রানে।
বিশ্বকাপের আগে টেস্ট ক্রিকেটে 'বাজবল' তত্ত্বে সফল হয় ইংল্যান্ড। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যর্থই বলতে হবে। শোয়েব আখতারের মতে ইংল্যান্ড ওয়ানডে টি-টোয়েন্টির মতো করে খেলতে যেয়ে ব্যর্থ হচ্ছে। 'ইংল্যান্ড বাজেভাবে হেরেছে কারণ তারা ওয়ানডে টি-টোয়েন্টির মতো করে খেলতে চাচ্ছে। কে ইনিংস বিল্ডআপ করবে, বলে বলে রান নিয়ে ইনিংস সচল রাখবে, এসব কোন পরিকল্পনা নেই তাদের।'
ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায় এখন সময়ের ব্যাপার। এই নিয়ে শোয়েব বলেন, 'ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায়ের দার প্রান্তে। বাজবল শুধু টেস্টেই ঠিক আছে, ওয়ানডে ওয়ানডের মতো করেই খেলতে হবে।'
বিশ্বকাপে আর তিনটি ম্যাচ বাকি ইংলিশদের। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।