ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দেওয়া সম্পূরক অভিযোগপত্র বিচারের জন্য প্রস্তুত হয়েছে। সে কারণে মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলি করার জন্য পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকী আল ফারাবী এ আদেশ দেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে অন্য আসামিদের সঙ্গে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ নামে একজনের নাম অন্তর্ভুক্তির আবেদন করা হয়। ইশতিয়াক এই মামলার বাদী সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের শ্যালক। তিনি জামিনে আছেন। মামলার অন্য আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক (এখন সভাপতি) নাইমুল হাসান, তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মীর আমজাদ হোসেনের নাম রয়েছে। এ ছাড়া অভিযোগপত্রে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালে ৪ আগস্ট রাতে বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর ইকবাল রোডের বাসায় নৈশভোজে অংশ নিতে যান মার্শা বার্নিকাট। সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করে বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। নৈশভোজ শেষে বেরিয়ে যাওয়ার সময়ও বার্নিকাটের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ আগস্ট বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
